সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-৩০ ০০:০৮:০২
মিসবাহ উদ্দীন আহমদ ও দিব্য জ্যোতি সী, ফেঞ্চুগঞ্জ থেকে ফিরে ::
বাংলাদেশে নির্বাচন হবে আর মারামারি হানাহানি কিংবা সংঘর্ষ হবে না এমন নজীর বিরলই বলা যায়। তবে এরকমই ঘটনা ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচনে বৃহস্পতিবার।
কোনরকম মারামারি, হানাহানি, হিংসা-বিদ্বেষ এককথায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ হয়েছে ৫ ইউনিয়নের মোট ৪৫টি কেন্দ্রে। সবক’টি কেন্দ্রেই দেখা গেছে ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান করতে। তরুণ ভোটার থেকে শুরু করে বৃদ্ধা ভোটাররা ব্যালটের মাধ্যমে দিয়েছেন তাদের মতামত।
নির্বাচনের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত সিলেটভিউ টিম পৃথক পৃথকভাবে উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ৪০টি কেন্দ্র পরিদর্শন করে। পরিদর্শনকালে দেখা গেছে কেন্দ্রগুলোতে ভোটাররা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটপ্রদান করছেন। ভোটকেন্দ্রগুলোতে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ও বিএনপি সমর্থিত প্রার্থীর এজেন্টরা বুথে পাশাপাশি বসেই কাজ করছেন। এমনকি আওয়ামী লীগ সমর্থিত ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের নিজেদের মধ্যে কুশল বিনিময় ও খোঁজখবর নিতে দেখা গেছে। দিনভর এমন নজীরই গড়েছেন ফেঞ্চুগঞ্জের মানুষ।
আর এমন নির্বাচনের দিন এমন পরিবেশ পরিদর্শন করতে গিয়ে সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান একবাক্যেই বলেছেন ‘ফ্যান্টাস্টিক’। নুমেরী জামান বলেন- ‘কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনারাই তো নিজ চোখে দেখছেন। কেমন শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হচ্ছে।’ অনুরূপ মন্তব্য সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামানেরও। তারা দু’জন বৃহস্পতিবার একসাথে ঘুরে ঘুরে দেখেছেন বেশ কিছু কেন্দ্র।
এদিকে নির্বাচনকে সুন্দর ও সফল করে তুলতে বেশ তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা নির্বাচনকে নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রগুলোতে শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে আনসার সদস্যরাও ছিলেন বেশ দায়িত্বশীল। কাজ করেছেন ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি টিমও।
বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়ন, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা এবং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থী, একটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ফেঞ্চুগঞ্জ ইউপিতে স্বতন্ত্র প্রার্থী কাজী বদরুদ্দোজা আনারস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপির প্রার্থী ধানের শীষের জহিরুল ইসলাম মুরাদ। মাইজগাঁও ইউপিতে বিএনপির সুফিয়ানুল করিম ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের জুবেদ আহমদ চৌধুরী শিপু।
ঘিলাছড়া ইউনিয়নে আওয়ামী আবুল লেইস চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির আফতাব আলী। উত্তর কুশিয়ারায় বিএনপি সমর্থিত প্রার্থী ছাত্রদল নেতা আহমেদ জিলু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের লুদু মিয়া। উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে বিএনপির এমরান উদ্দিন ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
উত্তর কুশিয়ারায় বিএনপি সমর্থিত প্রার্থী ছাত্রদল নেতা আহমেদ জিলু বলেছেন, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন অফিসের কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।
ঘিলাছড়া ইউনিয়নে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল লেইস চৌধুরীও অনুরূপভাবে বলেছেন, এমন শান্তিপূর্ণ নির্বাচন কোথাও হয়েছে কিনা জানা নেই। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৩ সালে সর্বশেষ এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৫ বছর ধরে নির্বাচন হয়নি। মামলা সংক্রান্ত জটিলতায় আটকে ছিল নির্বাচন। প্রায় ১৫ বছর পর এবার নির্বাচন অনুষ্ঠিত হল। এ সময়ের মধ্যে তিনটি থেকে বেড়ে ইউনিয়ন হয়েছে পাঁচটি।
সিলেটভিউ২৪ডটকম/ ৩০ মার্চ ২০১৮/ এমইউএ/ ডিজেএস