সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-০৩ ১৪:২৯:০৭
মারুফ খান মুন্না :: আজ ৩ এপ্রিল ২০১৯। আজ থেকে ৭ বছর আগে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারন সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ দিনার ঢাকার উত্তরা থেকে ছাত্রদল নেতা জুনেদ সহ গুম হন। ৭ বছর পেরিয়ে গেলেও আজ অবধি তাদের সন্ধান পায়নি পরিবার ও দল। দীর্ঘ ৭ বছর পরেও সন্তানকে ফিরে পেতে চান দিনারের মা-বাবা, ভাই-বোন ফিরে পেতে চান তাদের ভাইকে, দিনারের স্ত্রী প্রিন্সিলা পারভিন ফিরে পেতে চান তার স্বামীকে। মেয়ে মায়িশা আর ছেলে রাইয়ানের একটাই চাওয়া - অন্য সন্তানদের মতো তারাও তাদের আব্বুকে জড়িয়ে ধরে আদর করতে চায়, পেতে চায় বাবার সোহাগ।
পরিবারের সদস্যদের দাবি, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সিলেটে জাতীয়তাবাদী আন্দোলন দমিয়ে রাখতে ঢাকার উত্তরা থেকে সরকারের মদদপুষ্ট আইনশৃংখলা বাহিনী ছাত্রদল নেতা জুনেদসহ গুম করে ইফতেখার আহমদ দিনারকে। এই ঘটনার ৭ বছর অতিবাহিত হলেও কোন খোজ মিলেনি দিনারের। পরিবারের দাবি সরকার যদি আন্তরিক থাকতো তবে অনেক আগেই দিনারের সন্ধান পাওয়া যেতো। এ সরকারের পতন হলেই আবারো অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যাবে ইফতেখার আহমদ দিনারকে এই বিশ্বাস নিখোজ দিনারের পরিবারের।
দিনারের ১৭ বছর বয়সী ছেলে রাইয়ান আর ১৪ বছর বয়সী মেয়ে মাইশা দীর্ঘ ৭ বছর বাবার আদর ছাড়া রয়েছে। বাবা নামক বটবৃক্ষ থেকেও যেনো নেই তাদের। বাবা ছাড়া বড় হওয়া যে কতোটুকু বেদনাদায়ক এই দুই সন্তানের জন্য তা পরিবারের অন্য সদস্যদের কান্নামিশ্রিত কণ্ঠে স্পষ্ট। নিজেদের বড় সন্তানকে হারিয়ে শোকে পাথর দিনারের মা-বাবা। তাদের মৃত্যুর আগে একবারের জন্য হলেও সন্তানকে দেখতে চান। একটিবারের জন্য হলেও তাদের বুকের মানিককে বুকে জড়িয়ে ধরতে চান তারা।
ইফতেখার আহমদ দিনারের বোন তাহসীন শারমিন তামান্না। দিনারের থেকে মাত্র ১৪মাসে ছোট হলেও একসাথে বড় হয়েছেন বন্ধুর মতো। সিলেটভিউর সাথে আলাপকালে তিনি জানান, ‘পিটাপিটি করে বড় হয়েছি আমরা। দিনার ছিলো আমার বন্ধুর মতো। একসাথে লেখাপড়া করেছি। প্রিয় ভাইটিকে হারিয়ে পরিবার দিশেহারা হয়ে পড়েছে। দিনারের খোজে সরকারের সব মহলে ‘ধরণা’ দিয়েছি। তারা চাইলেই আমরা আমাদের ভাইকে ফিরে পেতাম। কিন্তু তারা ‘ইচ্ছাকৃতভাবেই’ আমাদের কোন সহযোগীতা করছেনা।’
দিনার নিখোজ হওয়ার পর দলীয় কোন সহযোগীতা পাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দিনার নিখোজের পর থেকে স্থানীয় কিংবা কেন্দীয় পর্যায়ের নেতৃবৃন্দ এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। আমাদের সাহস যোগাচ্ছেন। দিনারকে ফিরে পেতে পরিবারের পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এজন্য পরিবারের পক্ষ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ।’
এদিকে ইফতেখার আহমদ দিনার গুমের ৭ বছর উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আজ বাদ আসর। তাছাড়া ২-৩দিনের ভিতরেই দিনারের সন্ধান চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও প্রদান করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার সিলেটে বিএনপিবিভক্ত রাজনীতির মধ্যে ইলিয়াস অনুসারী ছিলেন। ২০১২ সালের ২২ মার্চ সিলেট নগরের শাহজালাল উপশহরে মাহমুদ হোসেন শওকত নামে ছাত্রদলের একজন কর্মী খুন হন। এ ঘটনায় দিনারকে আসামি করে থানায় হত্যা মামলা হয়। এ মামলার পর ছাত্রদলের দুই পক্ষের পাল্টাপাল্টি তৎপরতায় দিনার অনেকটা আড়াল হয়ে চলাফেরা করছিলেন। ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে দিনার তাঁর এক বন্ধুসহ ‘নিখোঁজ’ হন। দিনারকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে গেছে দাবি করে আসছে দিনারের পরিবারের সদস্যরা এবং বিএনপির নেতাকর্মিরা।
সিলেটভিউ২৪ডটকম/৩ এপ্রিল ২০১৯/এমকে-এম