Sylhet View 24 PRINT

সিলেটে বিলেতের আদলে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে-লেক!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৯-০৩ ১৯:৪৫:১৪

নিজস্ব প্রতিবেদক :: চায়ের দেশ ও আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা এলাকায় নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ও আধুনিক সুবিধা সম্পন্ন ১ কি.মি. ব্যাপী ওয়াকওয়ে এবং লেক।

সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের সিলেট-তামাবিল সড়ক সংলগ্ন মেজরটিলা এলাকার রাস্তার ধার যেন রীতিমত ছিল ময়লার ভাগাড়। প্লাস্টিক, পলিথিন আর নানা পচনশীল বর্জ্যের দুর্গন্ধে এতদিন এ পথে চলা ছিল দায়। কিন্তু আলোকিত সিলেটের রূপকার সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং সফল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বিশেষ উদ্যেগে এবার নূরপুর হতে চামেলীভাগের ময়লার ভাগাড় পরিবর্তিত হয়ে রুপ পাচ্ছে ১ কি.মি. দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও লেকে। গত ২৫ শে মার্চ ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন উদ্ধোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উক্ত কাজ শুরুর ঘোষণা করেন।

খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. আফছর আহমদ জানান, সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা এলাকার গুরুত্বপূর্ণ এ সড়কের পাশে এতোদিন ইউনিয়নের ১,২ ও ৪ নং ওয়ার্ডের জনসাধারণ ময়লা আবর্জনা ফেলতেন। ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ সিসিকের সাথে চুক্তিবদ্ধ হয়েছে অত্র এলাকার সব ময়লা-আবর্জনা টিলাগড় ডাম্পিং স্টেশনে ফেলতে। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বেশ কয়েকটি ময়লার গাড়ি দেওয়া হচ্ছে প্রতিটি ওয়ার্ডে। তিনি আরো যোগ করে বলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও প্রচেষ্টায় সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা এলাকার রাস্তা সংলগ্ন ১ কিলোমিটার এলাকা বদলে যাচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ও লেকে।




এ ওয়াকওয়ে ও লেকের ডিজাইনের সাথে জড়িত প্রতিষ্ঠান "ইনোভা ইন্টেরিয়র এন্ড ইঞ্জিনিয়ারিং বিডি" এর প্রকৌশলী ফেরদৌস চৌধুরী ও রুবেল আহমেদ জানান, সিলেট প্রধানত প্রবাসী অধ্যুষিত নগরী। আর নগরীর বহু প্রবাসী বিলেতসহ মধ্যপ্রাচ্যে বসবাস করেন। আর সেই কথা মাথায় রেখে বিলেতের আলোকে আমাদের এই নান্দনিক ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে ডিজাইন করা। যাতে গাছ-গাছালি বেষ্টিত মনোরম পরিবেশে থাকবে হাটা ও বসার সুব্যবস্থা। তাছাড়া থাকছে সৌর বাতি ও সোডিয়াম বাতির ব্যবস্থা, বিশুদ্ধ পানি, ওয়াইফাই এবং মিনি ক্যান্টিনের ব্যবস্থা। পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব পর্যটকদের আকৃষ্ট করতে ইতিমধ্যে ওয়াকওয়ে ও লেকের কাজ শুরু হয়েছে এবং এটি সম্পন্ন হলে পর্যটন নগরী সিলেটের চেহারা আরো বদলে যাবে।

উল্লেখ্য, উক্ত নান্দনিক এবং দৃষ্টিনন্দন নূরপুর-চামেলীবাগ ওয়াকওয়ে ও লেকের সার্বিক ডিজাইন, ল্যান্ডস্কেপিং ও সুপারভিশনের দায়িত্ব পালন করছেন প্রকৌশলী ফেরদৌস আব্বাস চৌধুরী,  রুবেল আহমেদ ও রাহি শাহনেওয়াজ।


সিলেটভিউ২৪ডটকম / ৩ সেপ্টেম্বর, ২০২০ / পিডি / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.