আজ রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ ইং
নিজস্ব প্রতিবেদক :: প্রাকৃতিক দূর্যোগ হোক বা আনন্দের উপলক্ষ হোক। তারা আছেন অসহায় মানুষের পাশে। কখনো খাদ্য উপহার নিয়ে, আবার কখনো নগদ অর্থ নিয়ে। মানুষকে স্বাবলম্বী করে তুলতেও তাদের চেষ্টার কমতি নেই। যখনই দেশের গরীব অসহায় মানুষের হাহাকার শুনেছেন, তখনই তারা চেষ্টা করেন পাশে দাঁড়ানোর। চেষ্টা করেন মলিন মুখে হাসি ফুটাতে। অথচ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে তাদের অবস্থান। বলছিলাম, যুক্তরাষ্ট্রে অবস্থানরত একদল সিলেটী যুবকের কথা। একদল সাবেক ছাত্রনেতাদের কথা।
যাদের মধ্যে রয়েছেন, সাবেক ছাত্রনেতা আবদুস শাকুর মাখন, মোহিত মাহমুদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, মোহাম্মদ আজিজ সুমন, সৈয়দ সালেক আহমদ, শেখ জুনেদ, ওয়াহিদ পারভেজ, মো. সাবুল হোসেইন, নুরুজ্জামান সোহেল, সৈয়দ ইয়াহইয়া, কবীর আহমদ শাহরিয়ার, শায়েক হোসেন, সামাদ আহমদ, খাজা আফজাল, ইমরান এইচ নাহিদ, হাসিন হাসনাত, হাসান চৌধুরী সোহেল,নাহিদ চৌধুরী, মুকুল খান, তাহমিদ খান ও মাসকুর খান।
চলমান করোনা সংকটে কখনো ব্যক্তি উদ্যোগে, আবার কখনো বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা সিলেটজুড়ে চালিয়ে যাচ্ছেন ত্রাণ তৎপরতা। লকডাউনের কারণে কর্মহীন পড়া মানুষ আর লজ্জায় ঘরবন্দি মধ্যবিত্ত পরিবারগুলোতে তারা পাঠাচ্ছেন খাদ্য ও অর্থ উপহার। দেশ ও মানুষের দু:সময়ে যুক্তরাষ্ট্র প্রবাসীদের এই উদ্যোগ তাদেরকে পরিচিতি পাইয়ে দিয়েছে মানবদরদী হিসেবেই।
করোনাভাইরাস পরিস্থিতি সৃষ্টির আগেই এবার রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্রে অবস্থানরত গোলাপগঞ্জবাসীর সংগঠন ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’। ইফতার মাহফিলের মাধ্যমে ফান্ড রাইজিং করে দেশে গরীব অসহায়দের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে ইফতার মাহফিল না হলেও বসে নেই সংগঠনটি। ইতোমধ্যে সংগঠনটির পক্ষ থেকে গোলপগঞ্জের হাজারো পরিবার পেয়েছে খাদ্য ও আর্থিক সহায়তা।
এছাড়াও যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে সিলেট নগরীতে পাঁচদিনব্যাপী বিশেষ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী, সবজি, ইফতার ও নগদ অর্থ বিতরণ।
এছাড়াও সাবেক ছাত্রনেতাদের উদ্যোগে গত শনিবার গোলাপগঞ্জে তিনশ’ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয় খাদ্যসামগ্রী।
এ প্রসঙ্গে গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’র সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রহমান চৌধুরী সিলেটভিউকে বলেন, ‘আমরা প্রবাসে থাকলেও আমাদের মন পড়ে থাকে দেশে। দেশের মানুষের কোন বিপদ শুনলে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আমরা চেষ্টা করি দূরে থেকে দেশের মানুষের জন্য সহায়তার হাত বাড়াতে। এবার করোনাকালেও গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সহযোগিতা করে যাচ্ছেন। বিশেষ করে সাবেক ছাত্রনেতারা ফান্ড গঠন করে দেশে পাঠাচ্ছেন। করোনা সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে বসবাসরত সৃজনশীল যুবসমাজের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’
শুধু করোনা সংকটকালীন সময় নয়। এর আগেও অনেকবার সিলেটের অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউএসএ’। তাদের দেওয়া রিকশায় অনেক অসহায় পরিবারের মুখে হাসি ফুটেছে। বেকার যুবক পেয়েছে স্বাবলম্বী হওয়ার সুযোগ। হুইল চেয়ারে চড়ে হেসেছে বিছানায় পড়ে থাকা প্রতিবন্ধী মানুষ।
সিলেটভিউ২৪ডটকম/ ১২ মে ২০২০/ শাদিআচৌ